ম্যানচেস্টারে ইংল্যান্ডের সামনে সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার। সেই পথে ভালোভাবেই এগোচ্ছিল বেন স্টোকসের দল। তবে ভারতের তিন ব্যাটারের সেঞ্চুরিতে চিত্রনাট্য পাল্টে যায়। শুভমান গিলের সেঞ্চুরির পর রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের জোড়া সেঞ্চুরিতে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে ম্যাচ ড্র করে ভারত। তাতে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। চার ম্যাচ শেষে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। ওভালে ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ জয়, ভারতের চোখ সমতায়। আজ বিকাল ৪টায় লন্ডনের কেনিংটন ওভালে সিরিজ নির্ধারণী মঞ্চে মুখোমুখি হবে দুই দল।
ম্যানচেস্টারে ড্রয়ের পর ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর বলেছিলেন, ওভাল টেস্টের জন্য তার দলের পেস স্কোয়াডের সব খেলোয়াড় ফিট আছেন। তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ফিট থাকলেও ভারতের পেস ব্যাটারির অন্যতম চালিকাশক্তি জসপ্রীত বুমরাহ খেলছেন না ওভালে। মূলত শারীরিক ধকল কমাতে বোর্ডের মেডিকেল টিমের সিদ্ধান্তেই বুমরাহ খেলছেন না।
দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের কথা মাথায় রেখে এবং পিঠের পুরোনো চোটের ঝুঁকি এড়াতেই এই বিশ্রাম। তাছাড়া, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে বুমরাকে তিন ম্যাচ খেলানোর সিদ্ধান্ত সিরিজ শুরুর আগেই নিয়েছে ভারতের মেডিকেল টিম, নির্বাচক এবং ম্যানেজমেন্ট। বুমরার জায়গায় আকাশ দীপের খেলার সম্ভাবনা জোরালো। ইনজুরির কারণে চতুর্থ টেস্ট মিস করা আকাশ এখন পর্যন্ত এই সিরিজে নিয়েছেন ১১ উইকেট। এর মধ্যে বার্মিংহাম ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
ইংল্যান্ড শিবিরেও হানা দিয়েছে ইনজুরি। অধিনায়ক বেন স্টোকস খেলছেন না ওভালে। স্টোকসসহ আগের ম্যাচে খেলা আরো ৩ জন নেই একাদশে। জোফরা আর্চার ও ব্রাইডন কার্সকে ওয়ার্কলোডের কারণে বিশ্রামে রাখা হয়েছে। লিয়াম ডওসনও খেলছেন না। তাদের জায়গায় দেখা যাবে জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টংকে। স্টোকসের না খেলাটা স্বাগতিকদের জন্য বড় ধাক্কা।
সিরিজে এখন পর্যন্ত চার টেস্টে স্টোকসের উইকেট ১৭টি, যা দুই দল মিলিয়ে সর্বোচ্চ। এ ছাড়া ব্যাট হাতে একটি সেঞ্চুরিসহ করেছেন ৩০৪ রান। স্টোকসের জায়গায় খেলবেন ওভারটন। ৩১ বছর বয়সি এই বোলিং অলরাউন্ডার ক্যারিয়ারে একমাত্র টেস্ট খেলেছেন তিন বছর আগে, ২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওভারটন কি পারবেন ওভালে বেন স্টোকসের শূন্যতা পূরণ করতে? ভারত কি পারবে সিরিজ বাঁচাতে? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় শুরু হবে আজ বিকাল থেকে ওভালে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |