| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


কোরাল মাছ গবেষণায় সাফল্য: উপকূলে সম্ভাবনার দুয়ার খুলছে পবিপ্রবি

  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 123872 বার পঠিত
কোরাল মাছ গবেষণায় সাফল্য: উপকূলে সম্ভাবনার দুয়ার খুলছে পবিপ্রবি
ছবির ক্যাপশন: কোরাল মাছ গবেষণায় সাফল্য: উপকূলে সম্ভাবনার দুয়ার খুলছে পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একুয়াকালচার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত কোরাল মাছ চাষ বিষয়ক গবেষণাপ্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার (৩০ জুন) 'বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ উৎপাদন'-এই প্রকল্পের সাফল্য তুলে ধরা হয় আয়োজনে।

সভাপতিত্ব করেন প্রকল্প প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক মো. আরিফুর রহমান। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ও সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও উপপ্রকল্প পরিচালক এস. এম. আজহারুল ইসলাম।

সেমিনারে জানানো হয়, থাইল্যান্ড থেকে আমদানি করা কোরাল মাছের পোনাকে প্রাকৃতিক শৈবালমিশ্রিত কৃত্রিম খাদ্যে দিনে ২ বার খাওয়ালে বছরে মাছের ওজন ২–৩.৫ কেজি পর্যন্ত বৃদ্ধি পায়। খাদ্যে ১০% শৈবাল মিশ্রণে সর্বোচ্চ উৎপাদন সম্ভব। ২৫০ জন চাষিকে প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহের মাধ্যমে মাঠপর্যায়ে সাফল্য নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘মূল্যবান সামুদ্রিক প্রজাতি কোরাল মাছকে স্থানীয়ভাবে চাষোপযোগী করা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই গবেষণা উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে এবং দেশের পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

সুফলভোগী চাষি আনোয়ার হোসেন জানান, ‘প্রশিক্ষণ নিয়ে কৃত্রিম খাদ্যে ৪ কেজি পর্যন্ত কোরাল মাছ উৎপাদনে সফল হয়েছি, যা অর্থনৈতিকভাবে লাভজনক।’

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স বলেন, ‘গবেষণা শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না থেকে জনগণের জীবনে প্রভাব ফেলছে-এটাই আমাদের গৌরব। পবিপ্রবি মাঠ ঘনিষ্ঠ গবেষণার মাধ্যমে উন্নয়নের সহযাত্রী হয়ে উঠেছে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং বিভিন্ন এলাকার চাষিরা। আলোচনার শেষে কোরাল মাছ চাষ বিষয়ে একটি লিফলেটের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ