| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


সমুদ্রের নিম্নচাপে উপকূলজুড়ে টানা বৃষ্টি, জলাবদ্ধতায় বিপর্যস্ত পটুয়াখালী

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-07-2025 ইং
  • 99333 বার পঠিত
সমুদ্রের নিম্নচাপে উপকূলজুড়ে টানা বৃষ্টি, জলাবদ্ধতায় বিপর্যস্ত পটুয়াখালী
ছবির ক্যাপশন: সমুদ্রের নিম্নচাপে উপকূলজুড়ে টানা বৃষ্টি, জলাবদ্ধতায় বিপর্যস্ত পটুয়াখালী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা দু’দিনের ভারি বর্ষণে পটুয়াখালী পৌর শহরসহ উপকূলীয় এলাকা জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে, বসতঘরে ঢুকে পড়েছে পানি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান এ বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে, তবে ভারি বর্ষণ কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শহরের জুবিলী স্কুল রোড, মহিলা কলেজ রোড, সবুজবাগ ৬ নম্বর লেন, মুন্সেফপাড়া, পুরাতন হাসপাতাল রোড, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা— সব জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে আছে। শহরের নিচু এলাকাগুলোতে প্রবল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

দিনমজুর কামাল হোসেন বলেন, ‘সকালে কাজে বের হতে না হতেই দেখি ঝুম বৃষ্টি। আরেকটু এগিয়ে দেখি রাস্তাঘাট সব পানিতে তলিয়ে আছে। কাজের কোনো উপায় নেই, আবার ঘরে ফিরে যাচ্ছি।’

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাতমিন বলেন, ‘আজকে স্কুলে আমাদের পরীক্ষা ছিল, কিন্তু এত বৃষ্টি আর পানি জমে যাওয়ার কারণে আজ পরীক্ষা হয়নি।’

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মোছাম্মদ মাহাবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও দু’দিন।’

অন্যদিকে কলাপাড়া রাডার স্টেশন থেকে জানানো হয়েছে, বৈরি আবহাওয়ার কারণে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রগামী মাছ ধরার ট্রলারগুলো উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়েছে।

এ অবস্থায় জনজীবন প্রায় থমকে দাঁড়িয়েছে। দোকানপাট বন্ধ, যান চলাচল ব্যাহত এবং অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে। শহরের বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ