| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


সিনেমার গানে ফিরলেন মনির খান

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-07-2025 ইং
  • 97496 বার পঠিত
সিনেমার গানে ফিরলেন মনির খান
ছবির ক্যাপশন: সিনেমার গানে ফিরলেন মনির খান

প্রেম, বিচ্ছেদ, বেদনা আর আশার বহু গানে শ্রোতার মনে স্থায়ী আসন তৈরি করেছেন কণ্ঠশিল্পী মনির খান। অনেক দিন সিনেমার গান তথা প্লেব্যাক থেকে দূরে ছিলেন তিনি। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তার এই বিরতি। বিরতির পর ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। সিনেমাটি পরিচালনা করছেন পাতলা খান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মনির খান।

সিনেমায় নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। এক সময় সিনেমায় প্রচুর গান করেছি। দিন-রাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোয় আমার কণ্ঠ প্রয়োজন, নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময়-সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাক করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’

কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন তিনি। তার একক অ্যালবাম ৪২টি, দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যা ৩০০টির বেশি। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এখন ইউটিউবে নিয়মিত তিনি প্রকাশ করছেন নতুন নতুন গান।

নতুন গান প্রকাশ প্রসঙ্গে তার ভাষ্য, ‘প্রতিনিয়ত নতুন নতুন গান করছি। আমার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। এগুলোতে প্রতি মাসেই দু-তিনটি গান প্রকাশ করছি। শ্রোতারা বেশ পছন্দ করছেন গানগুলো। সব মিলিয়ে গানের মধ্যেই আছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ