| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান: আরাগচি

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 22-07-2025 ইং
  • 100666 বার পঠিত
পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান: আরাগচি
ছবির ক্যাপশন: পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না তেহরান। সোমবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে একথা জানান তিনি। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন বন্ধ রয়েছে। কারণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় পরমাণু স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সমৃদ্ধকরণ থেকে সরবে না ইরান। এটি ইরানের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন; তারচেয়ে বড় কথা এটি ইরানের গর্ব।’

সাক্ষাৎকারের শুরুতে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা। তবে আপাতত তারা সরাসরি আলোচনা করবে না বলে জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি দু’পক্ষের স্বার্থই রক্ষা করতে আগ্রহী হয়, তাহলেই কেবল আলোচনা হবে।

আরাগচি আরো বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণই থাকবে। ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না জানিয়ে তিনি বলেন, এর বিনিময়ে তেহরান আশা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

আরাগচির বক্তব্য ফক্স নিউজে সম্প্রচারিত ১৬ মিনিটের একটি সাক্ষাৎকারের অংশ। সংবাদ মাধ্যমটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আরাগচি আরো বলেন, ‘আলোচনার মাধ্যমে আমাদের পারমাণবিক কর্মসূচির সমাধান হতে পারে। আমরা অতীতে একবার এটি করেছি। আমরা আবারো তা করতে প্রস্তুত।’

২০১৫ সালে তেহরান বেশ কয়েকটি বিশ্বশক্তির সাথে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি করে। পরে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর সাত বছর পর, চলতি ২০২৫ সালের শুরুতে তেহরান এবং ওয়াশিংটন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করেছিল। চুক্তির আওতায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান দেশটির পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ