দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেনোনিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বড় জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। শনিবার ১০৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ১০ বছরে চারটি দ্বিপক্ষীয় যুব ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতল লাল সবুজের ছেলেরা।
প্রথম ম্যাচের মতো এদিনও টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ করে বাংলাদেশ। রান তাড়ায় ৩০.২ ওভারেই ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
বেনোনির উইলোমুর পার্কে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে এদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন আজিজুল হাকিম। ৯০ বলে ৬৭ রানের ইনিংস খেলে এদিনের ম্যাচসেরা এ জুনিয়র টাইগার অধিনায়কই। আগের ম্যাচে ৭০ রানের ম্যাচসেরা ইনিংস খেলা সহ-অধিনায়ক জাওয়াদ আবরার এদিনও করেন ফিফটি। এ ওপেনিং ব্যাটার ফেরেন ৫৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে। তিনে নেমে ২ ছক্কা ও ৪টি চারের মারে নিজের ইনিংস সাজান আজিজুল।
প্রথম ম্যাচের মতো এদিনও চারে নামা রিজান হোসেন খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। এই পেস বোলিং অলরাউন্ডারের ব্যাট থেকে ৭১ বলে আসে ৫২ রান। তৃতীয় উইকেটে আজিজুল ও রিজান জুটি গড়েন শতরানের। শেষদিকে দলের খাতায় ২০ রান যোগ করেন সামিউন বশির। ব্যক্তিগত ১৪ ও ১৫ রানে অপরাজিত থাকেন ফরিদ হোসেন ও আল ফাহাদ।
রান তাড়ায় নেমে আগের ম্যাচের মতোই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকান যুবাদের ব্যাটিং লাইনআপ। পঞ্চম ওভারের মধ্যেই স্বাগতিকরা হারায় তিন উইকেট। দলীয় ৫১ রানের মধ্যে চতুর্থ উইকেট তুলে নেয় টাইগার যুবারা। চারে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ বুলবুলিয়ার জায়গায় এ ম্যাচে নেতৃত্ব দেয়া জেমস রোলস। পরে কামোগেলো পিরি (২০) ও কোর্নে বোথার (২৬) ইনিংসে দলীয় দেড়শ’ রান পার করে প্রোটিয়া যুবারা। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ফাহাদ, আজিজুল ও স্বাধীন ইসলাম।
টাইগার যুবাদের দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় ও শেষ ওয়ানডেটি একই মাঠে গড়াবে আগামী ২২শে জলাই।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |