| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


আমদানি-রফতানি বাণিজ্যে গতি ফিরছে আখাউড়া স্থলবন্দরে

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 122121 বার পঠিত
আমদানি-রফতানি বাণিজ্যে গতি ফিরছে আখাউড়া স্থলবন্দরে
ছবির ক্যাপশন: আমদানি-রফতানি বাণিজ্যে গতি ফিরছে আখাউড়া স্থলবন্দরে

‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। 

সোমবার সকালে মাছ ভর্তি ৫টি পিকআপ এবং আটা ও ময়দাবাহী ৩টি ট্রাক বন্দরে আসে। এতে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণের দাবিতে আন্দোলনে নামেন “এনবিআর সংস্কার ঐক্য পরিষদ”। ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

সরকার হার্ডলাইনে যাওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হলেন। রোববার সন্ধ্যায় অবশেষে ব্যবসায়ীদের মধ্যস্থতায় ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানান, কর্মবিরতিতে থাকায় শনিবার ও রোববার এ দুইদিন কোনো ধরনের ব্যবসায়িক কাগজপত্রে স্বাক্ষর হয়নি। ফলে ওই দুইদিন কমপ্লিট শাটডাউনে ছিল আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি-বাণিজ্য।

এদিকে ‘কমপ্লিট শাটডাউন’ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুস সাত্তার জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ