| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 124002 বার পঠিত
ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবির ক্যাপশন: ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুরের টঙ্গীতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । শনিবার দুপুর পৌনে ১টার দিকে গাজীপুরা স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গাজীপুর মহানগর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা সমর্থিত ও গাসিক ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কাজীর লোকজন মহাসড়কের উভয়পাশে অবস্থান করছিল।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচলরত একাধিক পথচারি ও গাড়ির যাত্রী জানান, সামান্য ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এগুলো বন্ধ করা উচিত।

হুমায়ুন কাজী জানান, আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের নামে চুক্তিপত্রের (ডিড) মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ণ কারখানার ওয়েস্টেজ মালামাল নিচ্ছি। শনিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষ মালামাল দেওয়ার ব্যাপারে কথা বলতে চাইলে আমি সেখানে যাই। কিছুক্ষণ পরেই মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার ক্যাডার কাজী মামুন, জসিম উদ্দিন, আল-মামুন, প্রবাল, তুহিন, আদনান, ইয়াজউদ্দিন পিন্টু, ফরহাদ, রমজান আলী বাবু, হারুন কাজী, জুয়েল, রাতুল ভূঁইয়া, জামিলসহ প্রায় ১০০-১৫০ সন্ত্রাসী কারখানার গেটে এসে গালমন্দ করে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আমাদের কয়েকজন তাদেরকে ধাওয়া দেয়। এতে ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, কয়েকদিন আগের ঘটনায় থানায় মামলা হলে জসিম উদ্দিনসহ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। জসিম শুক্রবার জামিনে এসে আমার ব্যবসা ছিনিয়ে নিতে তার দলবল নিয়ে বারবার কারখানার সামনে হানা দিচ্ছে।

এ ব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার মুঠোফোন ও হোয়াটঅ্যাপে কল দিলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ