ঐকমত্যের স্বার্থের রাজনৈতিক দলগুলোকে খানিকটা ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, কোন কোন জায়গায় পরিবর্তন-পরিবর্ধন সংশোধনের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ লক্ষ্য বা জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারবো।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপে ষষ্ঠদিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন।
সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতীয় সংবিধানিক কাউন্সিল (এনসিসি), দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। শুরুতে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, যে সমস্ত বিষয় অমিমাংসিত সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনায় বসছি। আমরা আশা করছি ঐ বিষয়গুলোতে ঐকমত্য অর্জন করা যাবে। অগ্রগতি অর্জন করা সম্ভব হলে, অন্য বিষয় আলোচনায় যুক্ত করতে পারবো।
আলী রীয়াজ বলেন, আমাদের মনে রাখতে হবে, রক্তের উপর পারা দিয়ে আমাদের এখানে বসতে হয়েছে, বহু প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি, একদিনের সংগ্রামে আসি নি। ১৬ বছর ধরে অব্যাহত সংগ্রাম, ৫৩ বছর ধরে বিভিন্নভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, একটি জবাবদিহি মূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম তারই একটা পর্যায়ে আমরা এখানে বসতে পেরেছি। ফলে রাষ্ট্রের স্বার্থ জাতির স্বার্থকে বুকে রেখে সকলে মিলেে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা বিবেচনা করবেন।
আলী রীয়াজ বলেন, সকলে জান বাজি রেখে লড়াই করতে পারলে এটা পারবো না কেন। বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে একটা হচ্ছে এখানে সকলে মিলে পরস্পরের কথা শুনছি। সহনশীলতা প্রদর্শন করছি।
তিনি বলেন, সকলে আন্তরিক বলে সংস্কার চাইছেন, সকলেই জবাবদিহি মূলক রাষ্ট্র চাইছেন, সকলেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাইছেন, সেই জায়গায় যেন আমরা পৌঁছতে পারি সেটাই প্রত্যাশা করছি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড.বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া। বৈঠকে ৩০টি দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |