লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফেসবুকসহ ও ভিডিওতে প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সেটা তারা করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় এখন বেশ সক্রিয় ও সচেতন বলেও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। তারা তেমন জমায়েত হতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেক কমে আসছে।
আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন করতে যতো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে- এটাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে।
তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু নির্ভর করে। সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি।
জাতীয় নির্বাচন নিয়ে আর কি আলোচনা হয়েছে-এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভালো রাখা যায়-এটা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন,আজকের এ সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার নিশ্চয়তা দিয়েছেন। এ ব্যাপারে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন। উপদেষ্টা এসময় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আগামী সভাগুলোতে এ সংক্রান্ত একটি এজেন্ডা থাকবে বলেও জানান।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |