বিশেষ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে আটক ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনস্যুলার অ্যাক্সেসের জন্য আবেদন করেছে নয়াদিল্লি। সমুদ্রসীমা অতিক্রমের অভিযোগে তাদেরকে চলতি সপ্তাহে আটক করা হয়েছে।খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ থেকে ১৫ জুলাই রাতে মংলা বন্দরের কাছে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অভিযোগে দুটি ভারতীয় ট্রলার ও ৩৪ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।
আটক জেলেদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অভিযোগ আনা হয়েছে।
ভারতের এক সরকারি কর্মকর্তা জানান, ‘আটকের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে, ঢাকায় ভারতীয় হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। তাৎক্ষণিকভাবে কনস্যুলার অ্যাক্সেসের জন্য অনুরোধ করা হয়েছে।’
দ্বিপক্ষীয় সম্পর্কের পটভূমি তুলে ধরে তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের সম্পর্কের অবনতি ঘটে। তারপরও চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশ ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে এবং বিনিময়ে ভারত ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরত পাঠায়।
প্রতি বছর সমুদ্র সীমানা অতিক্রম করার অভিযোগে অসংখ্যবার ভারতীয় জেলেদের আটক করে পাকিস্তান ও শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। ভারত এবং প্রতিবেশী দেশগুলোর বেশিরভাগ মাছ ধরার নৌকায় আধুনিক নৌযান চলাচলের ব্যবস্থা নেই। দেশগুলোর মাছ ধরার নৌযানগুলো প্রায়ই সমুদ্রসীমা অতিক্রম করে।